দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের শেনজেন শহরে বৃহত্তর চীন শাখা বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দলীয় নেতাকর্মীরা।
বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও চীন শাখা বিএনপি নেতা মো. ওয়ালী উল্লাহ।
আলোচনায় এসএম আল-আমিন বলেন, দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই। তবে তাঁর সংগ্রামী জীবন, দর্শন ও আদর্শ আগামী দিনের পথচলায় পাথেয় হয়ে থাকবে। তাঁর কর্ম আমাদের দেশের জন্য নিজেকে আপসহীনভাবে নিয়োজিত করতে শেখায় এবং দেশপ্রেমে উজ্জীবিত করে। কারাবরণ ও শারীরিক অসুস্থতাকে তিনি যেভাবে রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে মোকাবিলা করেছেন, তাঁর সেই অদম্য মানসিকতা আজও আমাদের অনুপ্রেরণা।
বিএনপি নেতা ওয়ালী উল্লাহ বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতির মূলমন্ত্র ছিল জনগণের কল্যাণ। তিনি সব সময় বলতেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, এটি জনগণের সেবার মাধ্যম। তাঁর এই আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, তাঁর চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে। তবে তাঁর শিক্ষা ও আদর্শ আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে পথ দেখাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৃহত্তর চীন বিএনপি নেতা মনিরুল ইসলাম কবির, মো. রোমান, সিয়াম উদ্দিন, রাসেল আহমেদ, আব্দুস সালাম সাগর, আবির আহমেদ, আকিদুল ইসলাম, রেদোয়ান হোসেনসহ অনেকে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে চীনের বিভিন্ন শহর থেকে বৃহত্তর চীন বিএনপির শতাধিক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।
এমএস।